প্রচ্ছদ > আন্তর্জাতিক >

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন মনির খান

article-img

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। আজ বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার শুভাকাঙ্ক্ষীরা দেশ-বিদেশ থেকে শুভেচ্ছাবার্তা-অভিনন্দন জানাচ্ছেন। বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানও তাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এ শিল্পী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নিজের একটি ছবিও প্রকাশ করেছেন মনির খান। সেখানে শুভেচ্ছাবার্তা জানিয়ে এ গায়ক লিখেছেন— ‘১৯৯১ সালের পর আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

এদিকে ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে টানা কয়েকবার রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছিল। 

এবারের নির্বাচন দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় নতুন একটি অধ্যায় যুক্ত করেছে। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। সাদা কাগজে কালো কালিতে ছাপা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন সংসদ সদস্যরা। সংসদ অধিবেশন কক্ষে রাখা তিনটি নির্ধারিত ব্যালটবাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৪৯ সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। অন্যদিকে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। 


আরো খবর